রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএমপির লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে মাসুদ উদ্দিন নামে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকেই তাঁকে আজ মঙ্গলবার ভোরে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার সমকালকে জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বাকি তিনটি মামলা তদন্তাধীন। তাঁকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
যদিও ডিবির বক্তব্যের সাথে একমত হতে পারছেন না নেটিজেনরা। তারা বলছেন, সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী শিরীন শারমিন আগস্ট মাসে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে ছিলেন।তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এতদিন তাকে গুম করে রাখা হয়েছিল কিনা, সে নিয়েও চলছে নানান জল্পনাকল্পনা।





Add comment