BDSUN.NEWS
লাল জুলাই, কালো জুলাই

লাল জুলাই, কালো জুলাই

কেটে ফেলা তাল গাছটা শুকিয়ে গেছে। বাবুই পাখির বাসাটিও ধূসর হয়ে গেছে। রাস্তার মোড়ের এই তাল গাছটির নিচেই কত শত বিকেল-সন্ধ্যা কাটিয়েছে শান্ত, তার হিসেব নেই। বাবু, শফিক, ফরিদ,কাইয়ুম,রাসেলদের নিয়ে বাবুই পাখির বাসায় প্রায়ই হানা দিত শান্ত। শুধু দেখার জন্য যে, বাবুই পাখি কীভাবে বাসা বাঁধে! কলেজ, পড়াশোনা, ফেসবুক, ফুটবল– এসব নিয়েই ছিল শান্তর জীবন।

মাত্র বছর দুয়েক আগেও বহতা নদীর নির্মল জলের কুলু কুলু ধ্বনির মত সরল জীবন ছিল শান্তর। আর আজ ? কত কিছু ভাবতে হচ্ছে। সংবিধান বদলানো, জুলাই সনদ, ফ্যাসিস্ট, গরু খাওয়ার স্বাধীনতা, রবীন্দ্রনাথের ইজ্জ্বত হরণ, হাদি নাকি নজরুল ইত্যাদি ইত্যাদি। পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দেয়া শফিক এখন রাজনীতি করে। এখন তার সবই হয়েছে, শুধু নামাজটাই কাজা হচ্ছে। যে বাবু আগে সারা দিন রিলস দেখত, সে এখন একাত্তরের ইতিহাসের ভুল ধরে! বয়সে বড় হলেও যে ফরিদ বন্ধুর মত মিশত, সে এখন জিয়ার সৈনিক হয়ে ফ্যাসিস্ট তাড়ায়। ঐতো সেদিন ! রাসেলের বাপকে পুলিশে ধরিয়ে দিল! অথচ, রাসেলরা কোনোদিন কারো সাতে-পাঁচে ছিল না ।

জুলাইয়ের আগের জীবনটাই ভালো ছিল শান্ত’র কাছে। খেলাধুলা, আড্ডা আর পড়াশোনা। হঠাত দেশে কী যেন হলো? শফিক দিনে দু-দফা মিটিং ডাকত। দেশের পক্ষে দাঁড়াতে হবে, দেশকে বাঁচাতে হবে ! প্রথম প্রথম পাত্তা না পেলেও পাশের গ্রামের ছেলেগুলো শফিকের সাথে এসে মিছিল দিতে শুরু করল। এভাবে ধীরে ধীরে সড়ক থেকে মহাসড়কে মিছিলের সারি দীর্ঘ হতে লাগল। গাছের পর গাছ কাটা হলো, ঘর-বাড়িতে আগুন দেয়া হলো। পুলিশকে ঝুলিয়ে দেয়া হলো। দেশ নাকি পুনরায় স্বাধীন হলো! এই হীম করা পরিবেশকে এড়াতে পারেনি শান্ত। সেও যোগ দিয়েছিল দ্বিতীয় স্বাধীনতায় !

দ্বিতীয় স্বাধীনতার বদৌলতে শান্ত পেয়েছে কাটা গাছ, ধ্বংস হয়ে যাওয়া বাবুই পাখির বাসা, মানুষে -মানুষে চিরস্থায়ী শত্রুতা, সন্ধ্যা নামলেই ছিনতাই, দ্রব্যমূল্যে আগুন। তবে এসব নিয়ে কারো মাথা ব্যথা নেই। জুলাই সনদ আর একশ পঞ্চাশ টাকার লাঞ্চের গল্প চারিদিকে। বন্দর-বাণিজ্য সব নাকি নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেয়া হয়েছে। মাদ্রাসাগুলোতে নাকি হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঐতো সেদিনও মাদ্রসার হুজুর ছোট্ট নিশানকে রুমে ডেকে নিয়ে কীসব করেছে। সমাজের মান্য-গণ্যরা রুদ্ধদ্বার বৈঠক করে বিষয়টি ধামচাপা দিয়েছে। পাশের হিন্দু পাড়ার পুজা মণ্ডপে ঢাকা থেকে একদল অভিনেতা-অভিনেত্রীরা এসেছিল এবার।পরে শোনা গেছে, ভাড়ায় তাদের নিয়ে এসে সম্প্রীতি মজবুত করার চেষ্টা হয়েছে। অনেকটা যাত্রাপালার মত আরকি!

এসব নিয়ে ভাবতে গেলেই দম বন্ধ হয়ে আসে শান্ত’র। মনে হয়, হাজার বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে সে। যেন ঘোর অমানিশা ঘিরে ধরেছে পুরো দেশটাকে। পাড়ার জ্যাঠারা সন্ধ্যায় চায়ের দোকানে ফিসফাস করে। ডিসেম্বরে নাকি দেশের অবস্থা বদলে যাবে!

আদৌ কী কিছু বদলাবে? বাবুই পাখিটা কি ফিরে আসবে তাল গাছটায়? গাছইতো নেই, আসবে কীভাবে? কিন্তু যে পাখি কুঁড়ে ঘর বুনতে জানে, তার জন্য গাছ কোনো বিষয় না। বিষয়টি ভেবেই ভালো লাগছে শান্তর। বুকের মধ্যে জেঁকে বসা জগদ্দল পাথর যেন সরে যেতে শুরু করেছে।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.