বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনের বিরুদ্ধে আলুচাষি ও ব্যবসায়ীদের কাছে বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক মেহেদী হাবিব আব্বাসী অভিযোগ করেছেন, আলুবোঝাই ট্রাক বা ট্রাকে আলু তুললে বা জমিতে বস্তায় আলু তোলার সময় সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়ে যুবকরা যান। পরে ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করা হয়। তাদের বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা দিলেই কৃষকরা রেহাই পান।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী চাঁদাবাজি শুরু করেছেন।
গত রোববার সন্ধ্যার দিকে এক কৃষক আলু হিমাগারে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন যুবক ট্রাক থামিয়ে চাঁদা দাবি করতে থাকেন। তখন স্থানীয় জনগণ একত্র হয়ে ধাওয়া করলে চাঁদাবাজরা পালিয়ে যান।
কৃষক মেহেদী হাবিব আব্বাসী অভিযোগ করেন, তিনি গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে আলু নিয়ে হিমাগারে যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদ হোসেনসহ কয়েকজন ট্রাকের গতিরোধ করেন। এ সময় তারা প্রতি বস্তা আলুর জন্য ২০ টাকা করে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা তাকে তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেন। পরে বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত জনগণ টের পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করেন।





Add comment