বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কারাবন্দি শাহনুর আলম শান্ত (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বগুড়ায় কারাগারে এ পর্যন্ত ৬ কারাবন্দি আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বগুড়া কারাগারের জেলার নুরুল মুবিন বলেন, বগুড়া সদরের একটি বিস্ফোরক মামলায় গত ৪ জানুয়ারি শাহনুর আলম শান্তকে বগুড়া কারাগারে পাঠানো হয়, পরে ১৭ জানুয়ারি বগুড়া থেকে তাকে ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানতে কেরানীগঞ্জ জেলের ডেপুটি জেলারের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।
সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর গ্রামের রজব আলী বলেন, শাহনুর আলম শান্ত একজন পঙ্গু ও শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শ লালন করার অপরাধে তাকে ৪ জানুয়ারি শহরের নারুলি এলাকা থেকে কতিপয় যুবক মব করে আটক করে মারপিট করে। পরে তার স্ত্রীর কাছে চাঁদা চায়। দিতে না পারায় পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে কোনও মামলা না থাকার পরও পুলিশ একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠান।
এর আগে বগুড়ায় কারাবন্দি হওয়া ৬ জন আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। যাকে ‘অস্বাভাবিক’ বলছেন দলটির নেতারা। মারা যাওয়া অপর পাঁচ জন হলেন আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু, গাবতলী উপজেলার সহসভাপতি আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, গাবতলী দক্ষিণ পাড়া ইউনিয়নের সহসভাপতি এমদাদুল হক ভুট্টো এবং বগুড়া ১৫ নম্বর পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।





Add comment