রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা যুবদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। কেবল ও ইন্টারনেট কর্মকর্তার রুমে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে গুলি করার হুমকি দেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রবিবার (১ মার্চ) বিকেলে নগরীর রংপুর প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় অবস্থিত ক্যাবল ওয়ান-এর কার্যালয়ে তিনি হুমকি দেন।অভিযোগ অনুযায়ী, রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু দলবল নিয়ে ওই অফিসে প্রবেশ করেন এবং প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) মাহাদী হাসান কাফিকে মোবাইল ফোনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকিবুল রহমান মনু উত্তেজিত কণ্ঠে ফোনে বলেন, আজকের মধ্যে এর সমাধান না করলে তোর রুমে ঢুকে বউ-বাচ্চাকে গুলি করবো। একই সঙ্গে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং অফিসে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও ভয়ভীতি প্রদর্শন করেন।
ভিডিও ফুটেজে আরো দেখা যায় হামলাকারীরা কাগজপত্র তছনছ করছেন। এ সময় অফিস ও কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ।





Add comment