ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার।

দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, ‘গত ১৭ আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাই।’
এদিকে রমেশ চন্দ্র সেনের মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের। তারা বলছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ায় তার নির্দেশেই রমেশ চন্দ্র সেনকে জেলখানায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী,জুলাই কাণ্ডের পর ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১১২ জন কারা হেফাজতে মারা গেছেন। সংস্থাটির তথ্য মতে, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মারা গেছেন ৯৫ জন। আর ২০২৪ সালে মারা গেছেন ৬৫ জন। কারাগারে মৃত্যুবরণ করা ১১২ জনের মধ্যে ৮৫ জনের একটি তালিকা প্রকাশ করেছিল গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স নামে একটি সংস্থা । এই ৮৫ জন ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মি । বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা তদন্তযোগ্য। সংবিধানের ৩১ ও ৩২ নং অনুচ্ছেদে বলা হয়েছে,রাষ্ট্র কাউকে হেফাজতে রাখলে তার জীবন ও মানবিক মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবে।





Add comment